জাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি জাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী ও মহামান্বিত ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রশাসনিক ভবনের লবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান আলোচক হিসেবে বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া আজীবন ক্ষমতার মোহে রাজনীতি করেননি, বরং ভোটাধিকার, বাকস্বাধীনতা ও সাংবিধানিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তিনি পরম মমতায় গণতন্ত্রকে আগলে রেখেছেন—যখনই তা বিপন্ন হয়েছে, তিনি রাজপথে নেমেছেন, কারাবরণ করেছেন, কিন্তু আপস করেননি। ‘রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নেতৃত্ব দুই ধরনের—একটি প্রশাসনিক, অন্যটি নৈতিক। বেগম খালেদা জিয়া প্রশাসনিক ক্ষমতার বাইরে থেকেও বহু সময় রাষ্ট্রের নৈতিক বিবেক হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন যেমন, তেমনি ক্ষমতার বাইরে থেকেও তিনি বিরোধী রাজনীতিকে একটি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন।’ অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন,‘তিনি শিখিয়েছেন— রাষ্ট্র মানে কেবল সরকার নয়; রাষ্ট্র মানে জনগণের সম্মিলিত আশা ও অধিকার।এই বোধ থেকেই তিনি সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা ও স্বাধীন বিচার ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন—যা তাঁকে একটি সময়ের নয়, বরং একটি রাষ্ট্রীয় দর্শনের প্রতিনিধি করে তুলেছে।’ সভায় মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সদা দেশের জনগণের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন।তিনি তাঁর কর্ম দিয়ে মহামান্বিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ, দপ্তর ও শাখার কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Previus Post Next Post