জাবিপ্রবিতে গবেষণা প্রতিবেদন উপস্থাপনা ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গবেষণা কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনা ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান। কর্মশালায় মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. জি. এইচ. এম. সাগর। তিনি উপস্থাপিত চূড়ান্ত প্রতিবেদনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং গবেষণার মানোন্নয়ন, প্রতিবেদন প্রণয়ন ও ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় মূল্যায়ন ও আলোচনা করেন। কর্মশালায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গৃহীত কার্যক্রম, অর্জন, গবেষণা ও উন্নয়নসংক্রান্ত অগ্রগতি এবং সংশ্লিষ্ট কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে গবেষণার বিকল্প নেই। এ ক্ষেত্রে পরিকল্পিত গবেষণা, যথাযথ মূল্যায়ন এবং জবাবদিহিমূলক প্রতিবেদন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার এবং গবেষণার ফলাফলকে বাস্তবমুখী করার ওপর গুরুত্ব দেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Previus Post Next Post