‘চাকরিপ্রার্থী থেকে উদ্যোক্তা’ হওয়ার কৌশল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত’

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘From Job Seeker to Job Creator: Turning Everyday Problems Into Business Ideas’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা বিভাগ ও কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিএসি) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আতীকুর রহমান। সেমিনারের মূল প্রতিপাদ্যে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জকে কীভাবে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণায় রূপান্তর করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রচলিত চাকরির বাজারের ওপর নির্ভরশীল না থেকে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার বিষয়টি আলোচনায় উঠে আসে। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন শিক্ষার্থীদের প্রচলিত চাকরির চিন্তাধারার বাইরে এসে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা ও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেন। মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যা পর্যবেক্ষণ, বাজারের চাহিদা নিরূপণ, ব্যবসায়িক ধারণা তৈরি এবং তা বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে আইকিউএসি সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. মুহম্মদ শাহজালাল, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Previus Post Next Post