খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে ৬ষ্ঠ জাতীয় প্রযুক্তিগত সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF) এর উদ্যোগে এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় অদ্য ২৫ অক্টোবর, ২০২৬ (রবিবার) ‘Food Safety and Health’ প্রতিপাদ্য নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জাতীয় প্রযুক্তিগত সেমিনার। বিশ্ব ডিম দিবস এবং বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনের মূল ভিত্তি গড়ে তুলতে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা খাদ্যে ভেজাল ও রাসায়নিকের ব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নীরব ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই সংকট মোকাবিলায় আমাদের বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীদের গবেষণাগার থেকে মাঠ পর্যায় পর্যন্ত বিজ্ঞানসম্মত সমাধান পৌঁছে আহ্বান জানান প্রফেসর ড. আমির হোসেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ বক্তৃতা প্রদান করেন। সেমিনারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রফেসর ড. কেএইচএম নাজমুল হোসেন নাজির পৃথক দু’টি প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন। অনুষ্ঠানে চিফ প্যাট্রন ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম তামিম। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তদরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। সেমিনারে বক্তারা টেকসই স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিজ্ঞানভিত্তিক সমাধান এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

Previus Post Next Post