জাবিপ্রবিতে শিক্ষকদের ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ প্রদান, শিক্ষার্থীদের গবেষণা প্রণোদনা
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গবেষণায় উৎকর্ষ সাধন, মানসম্মত গবেষণা প্রকাশনা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে উৎসাহিত করতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ ও গবেষণা প্রণোদনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার ও প্রণোদনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শুধু জ্ঞান বিতরণ নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি ও তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। এ ক্ষেত্রে মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনার গুরুত্ব অপরিসীম। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মের স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থীদের গবেষণা প্রণোদনা দেওয়ার মাধ্যমে আমরা গবেষণার প্রতি তাঁদের আগ্রহ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চাই। জাবিপ্রবিকে একটি গবেষণাবান্ধব ও জ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণার সুযোগ সম্প্রসারণ, গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি আশা করি, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় জাবিপ্রবি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গবেষণায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শিক্ষকদের রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড ‘রিসার্চ পাবলিকেশন ফেয়ার-২০২৫’-এ অংশগ্রহণকারী শিক্ষকদের গবেষণা প্রকাশনা মূল্যায়নের ভিত্তিতে অনুষদভিত্তিক বিজয়ীদের নির্বাচন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের মূল্যায়নে নির্বাচিত শিক্ষকদের হাতে অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রকৌশল অনুষদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম প্রথম, একই বিভাগের মো. মাহফুজুল হক দ্বিতীয় এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির তৃতীয় স্থান অর্জন করেন। বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায় প্রথম স্থান অর্জন করেন। জীব ও কৃষি অনুষদে ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান প্রথম, সহযোগী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার দ্বিতীয় এবং সহকারী অধ্যাপক মিজানুর রহমান তৃতীয় স্থান অর্জন করেন। আর্থ সায়েন্স অনুষদে ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার প্রথম এবং ইশরাত জাহান ইভা দ্বিতীয় স্থান অর্জন করেন। ব্যবসায় শিক্ষা অনুষদে সহকারী অধ্যাপক আতিকুর রহমান প্রথম, মো. এনামুল হক দ্বিতীয় এবং এস. এম. ইউসুফ আলী তৃতীয় স্থান অর্জন করেন। সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির প্রথম এবং সহকারী অধ্যাপক ড. মোসা. উম্মে হানী কুলসুম দ্বিতীয় স্থান অর্জন করেন। শিক্ষার্থীদের গবেষণা প্রণোদনা প্রদান স্নাতকোত্তর (মাস্টার্স) ও স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা প্রণোদনা প্রদান করা হয়। গবেষণা সেল বলছে, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসার এবং উচ্চশিক্ষায় গবেষণার সুযোগ সম্প্রসারণ এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। মাস্টার্স পর্যায়ে গণিত বিভাগের কারিয়া আক্তার, শেখ মো. সাইদ, মাইশা মানিক মোহনা, মাইদার জাহান প্রমা, সালমিন জাহান, মোছা. ফরিদা পারভীন, ইশাত জাহান ইভা ও মো. আজিম মৃধা রাহাদ প্রণোদনা লাভ করেন। এ ছাড়া ফিশারিজ বিভাগের মনিরা পারভীন, মো. সুমন ইসলাম, হাসানাত জাহান পিংকি, সাদিয়া জান্নাত ও নুসরাত জাহান এবং সমাজকর্ম বিভাগের মো. শহিদুজ্জামান ও মো. তানভির রহমান প্রণোদনা লাভ করেন। স্নাতক পর্যায়ে সিএসই বিভাগের মাহজাবীন রহমান, নুসরাত জাহান, ধ্রুব ভট্টাচার্য্য, মো. মামুন অর রশিদ ও তাসনিম হক আঁখি এবং ইইই বিভাগের সামাতুনা মিম, ইসরাত জাহান ইমা, রেদুওয়ানা বিন আকরাম, তানভিন আহমেদ ও মো. সাদ্দমান সাকিব মৃদুল গবেষণা প্রণোদনা লাভ করেন। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত রিসার্চ পাবলিকেশন ফেয়ারে শিক্ষকদের গবেষণা প্রকাশনা মূল্যায়ন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থীদের থিসিসের সিনপসিস পর্যালোচনা ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল তাঁদের গবেষণা প্রণোদনার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করে।