বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র ও একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে ইউজিসির মতবিনিময় সভা
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং Academia–Industry Collaboration জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন অংশগ্রহণ করেন। সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন সভাপতিত্ব করেন। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা কেন্দ্র প্রতিষ্ঠা, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং, কর্মসংস্থানের সুযোগ ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় অঞ্চলভিত্তিক ভাষা নির্বাচন, প্রয়োজনীয় জনবল কাঠামো এবং ক্রেডিটের ভিত্তিতে ভাষা কোর্স চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রফেসর ড. মোঃ আমির হোসেন বলেন, গ্র্যাজুয়েটদের দক্ষতা বৃদ্ধি, বৈশ্বিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যকর পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—দক্ষ মানবসম্পদ, বৈশ্বিক সম্ভাবনা।