জাবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপিত
র্যালি, আলোচনা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে মাছের পোনা মুক্ত করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গবেষণার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় হাওর ও জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে গবেষণার পাশাপাশি ব্লু-ইকোনমি নিয়েও কাজ করার উপর গুরুত্বারোপ করেন প্রফেসর ড. মো. আমির হোসেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার ও ড. মুহাম্মদ ফরহাদ আলী প্রমুখ বক্তৃতা দেন। বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ফিশারিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।