জাবিপ্রবিতে চালু হলো ‘জনতা-পে’

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের অনলাইন আর্থিক লেনদেন ও ফি পরিশোধের সুবিধার্থে জনতা ব্যাংক পিএলসি’র অনলাইন ইন্টারনেট ব্যাংকিং সেবা ‘জনতা-পে’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন ‘জনতা-পে’ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ জোনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খালেক। জনতা ব্যাংক পিএলসি-এর জামালপুরের উপ-মহাব্যবস্থাপক জনাব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের জাবিপ্রবি শাখার ব্যবস্থাপক মো. শহীদুল্লাহ শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনা শেষে অনলাইন পেমেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর সেবা শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার। ‘জনতা-পে’ চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবার পরিধি আরও বিস্তৃত হলো। তিনি এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টরা জানান, শিক্ষা-প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘জনতা-পে’ সেবা চালুর ফলে জাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন ফি ও আর্থিক লেনদেন সহজেই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা ও স্বচ্ছতা আসবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও জনতা ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Previus Post Next Post