জাবিপ্রবিতে ‘বেসিক জার্নালিজম, মোবাইল জার্নালিজম অ্যান্ড এআই জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাবিপ্রবিতে ‘বেসিক জার্নালিজম, মোবাইল জার্নালিজম অ্যান্ড এআই জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় ‘ট্রেনিং অন বেসিক জার্নালিজম, মোবাইল জার্নালিজম অ্যান্ড এআই রিপোর্টিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ আগস্ট) দিনব্যাপী একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আমির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার গুরুত্ব অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ভুয়া সংবাদ, গুজব ও অপতথ্যের বিস্তারও বেড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দ্রুততার পাশাপাশি তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির কেন্দ্র হিসেবে দক্ষ, মানবিক ও প্রযুক্তি-সচেতন সাংবাদিক গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন। জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল বক্তব্য দেন। তারা সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং আজকের পত্রিকা-এর রিপোর্টার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান রনি কর্মশালা পরিচালনা করেন। তারা মোবাইল জার্নালিজম (MoJo), কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকর ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডিজিটাল কনটেন্ট তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, মোবাইলভিত্তিক সংবাদ সংগ্রহ ও সম্পাদনা এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে অংশগ্রহণের সনদ প্রদান করেন। একই সঙ্গে তিনি সাংবাদিক সমিতির বর্ষসেরা রিপোর্টারদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।