বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাবিপ্রবিতে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাবিপ্রবিতে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে রচনা ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গঠনে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বিষয়ে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পরে রচনা ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম। আয়োজক কমিটির সদস্য সচিব সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইমরুল কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।