শহিদ মিনারে নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি
জাবিপ্রবি নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। উপাচার্য বলেন, শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।