জাবিপ্রবিতে “Developing New Fish Productions to Meet Tomorrow's Challenges” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাবিপ্রবিতে “Developing New Fish Productions to Meet Tomorrow's Challenges” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ বিভাগ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে “Seminar on Developing New Fish Productions to Meet Tomorrow's Challenges” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও মৎস্য খাতের টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থী ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকুর রহমান। সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তাঁর উপস্থাপনায় টেকসই মৎস্য উৎপাদন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইনের সহযোগী অধ্যাপক ড. থমাস লিকক্ এবং প্রকৌশলী ড. ইয়ানিক লিডোরি। তাঁরা তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, আধুনিক মৎস্য ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ফিশারিজ বিভাগের শিক্ষার্থী, গবেষক, বিদেশি পিএইচডি ফেলো ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মৎস্য উৎপাদন কৌশল ও গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আন্তর্জাতিক মানের একাডেমিক আয়োজনকে জ্ঞান বিনিময় ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।