জাবিপ্রবিতে IEEE বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাবিপ্রবিতে ‘পেভিং পাথওয়েজ টু প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনিশন থ্রু IEEE’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘Paving Pathways to Professional Development and International Recognition through IEEE’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বুধবার (২২ জুলাই) এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি, IEEE জাবিপ্রবি স্টুডেন্ট শাখা ও জাবিপ্রবি রোবটিক্স ক্লাবের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির পরিবর্তন প্রতিনিয়ত ঘটছে। Artificial Intelligence, Robotics, Internet of Things, Cyber Security এবং Renewable Energy-এর মতো ক্ষেত্রগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। ‘এ ক্ষেত্রে IEEE একটি বিশ্বস্ত এবং শক্তিশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বিশ্বের ১৬০টিরও বেশি দেশে লক্ষ লক্ষ প্রকৌশলী, গবেষক এবং প্রযুক্তিবিদ IEEE-এর মাধ্যমে জ্ঞান বিনিময়, গবেষণা এবং উদ্ভাবনের কাজে যুক্ত আছেন। একজন শিক্ষার্থী হিসেবে IEEE-এর সঙ্গে যুক্ত হওয়া মানে শুধু একটি সদস্যপদ অর্জন করা নয়; বরং একটি বৈশ্বিক পেশাগত নেটওয়ার্কের অংশ হওয়া।’ এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান উপাচার্য। সেমিনারে IEEE উইমেন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নমিনেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কমিটির ২০২৫-২৬ এর চেয়ার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ এবং একই বিভাগের শিক্ষক ও IEEE বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা করেন। অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন সাইবারনেটিক্স হাই-টেক সলিউশনস (প্রা.) লিমিটেডের অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও IEEE ইয়ং প্রফেশনালসের চেয়ার ইঞ্জিনিয়ার সোহেল রানা। সেমিনারে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন। সেমিনারে বক্তারা পেশাগত দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় IEEE-এর ভূমিকা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, IEEE-এর মতো আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ গবেষকদের জ্ঞান, দক্ষতা এবং পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নের মাধ্যমে বিশ্বপরিসরে নিজেদের অবস্থান সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সেমিনারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ইইই বিভাগের প্রভাষক মো. আমিমুল ইহসান।

Previus Post Next Post