জাবিপ্রবিতে ‘গণিতে বৈশ্বিক পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘Global Pathways in Mathematics: Research, Higher Studies and Career Opportunities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে গণিত বিভাগ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, গণিত শুধু একটি একাডেমিক বিষয় নয়; বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্সসহ আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণায় আমাদের শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে গণিত বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক সুযোগ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পথ, গবেষণার সম্ভাবনা এবং গণিত বিষয়ে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত হওয়ার প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং একাডেমিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। মূল বক্তার বক্তব্যে গণিতের মৌলিক জ্ঞান ও গবেষণামুখী দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক চর্চা, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সময়োপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল। বিভাগের প্রভাষক অয়ন্তিকা ঘোষ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Previus Post Next Post