জাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ক্যাম্পাসে দিনব্যাপী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, প্রোগ্রামিং বর্তমান বিশ্বের প্রযুক্তিনির্ভর উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 'আমি আশা করি, আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখবে। এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সকল প্রতিযোগীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। বিকেলে 'কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং ফর ক্যারিয়ার এক্সিলেন্স' শীর্ষক সেমিনারে কী নোট স্পিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক অধ্যাপক স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বক্তৃতা প্রদান করেন। তিনি তরুণ প্রোগ্রামারদের দক্ষতা উন্নয়ন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে প্রোগ্রামিং চর্চার গুরুত্ব তুলে ধরেন। সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর একেএম জাওয়াদুল হক বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)-এর বিভিন্ন দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাবিপ্রবির JSTU_Descending দল। দলের সদস্যরা হলেন মো. তানভীর আহমেদ, ঋত্বিক চন্দ্র বর্মন ও মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ। রানারআপ হয়েছে UFTB_Resynced দল। দলের সদস্য আহসান হারিস আহমেদ, মো. শাকিব পাটোয়ারী ও সুকান্ত দেবনাথ। দ্বিতীয় রানারআপ হয়েছে Submit_dibonaR দল। এ দলের সদস্য মেহেদী হাসান আলভী, সৌরভ সাহা ও মো. আল-মামুনুর রশিদ। এ ছাড়া টপ জুনিয়র নির্বাচিত হয়েছে জাবিপ্রবির jstu_blitz দল। দলের সদস্য জাফরি তাহিয়াত, রাশমিন প্রতীক দেব ও অনিক দত্ত। টপ গার্লস ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে CoffeeWithCode দল। দলের সদস্য সুগন্ধা রানী বর্মন মৌরি, মোসা. সাদিয়া ইসলাম সাফা ও আরনিকা তাবাসসুম। টপ ফ্রেশার হয়েছে Binary legends দল। দলের সদস্য মো. আতিক হাসান, শিশির সরকার ও কর্ণ বিশ্বাস। অন্যদিকে, জাবিপ্রবির অন্যান্য বিভাগ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে টপ টিম হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের Electrocoder দল। এ দলের সদস্য নাদিমুর রহমান সায়েম, মো. রবিন খান ও মো. আবু বকর।

Previus Post Next Post