শহিদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

শহিদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত ‘শহিদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। রানার্সআপ হয়েছে সমাজকর্ম বিভাগ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গণিত বিভাগ ২-১ গোলে সমাজকর্ম বিভাগকে পরাজিত করে শিরোপা অর্জন করে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গণিত বিভাগ। ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিমের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। পরে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ও রানার্সআপ সমাজকর্ম বিভাগের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উদ্যোগে এ গত ১৬ আগস্ট হতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Previus Post Next Post