জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জবিপ্রবি) ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার এই অভ্যাসবোধ ও সচেতনতা আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিতে হবে। এক্ষেত্রে পরিচ্ছন্ন ক্যাম্পাস বাস্তবায়নে আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। এ সময় ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে মশকরোধক স্প্রেসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মসূচিতে রেজিস্ট্রার মোঃ সারওয়ার জাহান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।