জাবিপ্রবি-তে `Inspiring Academic Excellence’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Inspiring Academic Excellence: A Strategic Roadmap to Accreditation’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৫ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০.০০ টা থেকে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচ্য বিষয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) ড. মোঃ ওয়াকিলুর রহমান বিস্তারিত দিক-নির্দেশনা ও প্রাশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন বলেন, ‘বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও মানসম্মত গবেষণা নিশ্চিতকরণে আউটকাম বেজড এডুকেশন (OBE) এর কোনো বিকল্প নেই। প্রথাগত পড়াশোনার গণ্ডি পেরিয়ে আমাদের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, যোগ্য ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলাই এই শিক্ষা পদ্ধতির মূল লক্ষ্য। আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে জাবিপ্রবি-কে একটি শীর্ষস্থানীয় ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ চলমান রয়েছে বলেও জানান তিনি। রিসোর্স পারসন ও বিশেষ অতিথির বক্তব্যে বিএসি-এর সদস্য ড. মোঃ ওয়াকিলুর রহমান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আউটকাম বেজড এডুকেশন (OBE) কার্যকরভাবে বাস্তবায়ন, নিয়মিত একাডেমিক মূল্যায়ন এবং গবেষণার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংরক্ষণ এবং ধারাবাহিক মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন অর্জনে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। কর্মশালায় জাবিপ্রবি-এর বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Previus Post Next Post