জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে `মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেনের উদ্যোগে চালু হতে যাওয়া এ কেন্দ্রে শিক্ষার্থীরা কোরীয়,জাপানি,চীনা (মান্দারিন)ও আরবি ভাষা শেখার সুযোগ পাবেন। তিনি বলেন,মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর মাধ্যমে জাবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের দক্ষতা অর্জন ও বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার নতুন সুযোগ সৃষ্টি হবে। আমরা চাই, শিক্ষার্থীরা বহুভাষিক দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও বৈশ্বিক কর্মবাজারে নিজেদের যোগ্য করে গড়ে তুলুক। সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা নতুন ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা সম্প্রসারণেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জাবিপ্রবি শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণের লক্ষ্যে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। #জাবিপ্রবি—বহুভাষিক দক্ষতায় বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে।

Previus Post Next Post