জাবিপ্রবিতে ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে দিনব্যাপী সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে 'গ্যাস অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইন বাংলাদেশ অ্যান্ড ইট'স জব অপরচ্যুনিটিজ' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের গ্যাস ও খনিজ সম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের এ ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পেট্রোবাংলার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিভিশনের মহাব্যবস্থাপক বিশ্বজ্যিৎ সাহা। তিনি বাংলাদেশের গ্যাস ও খনিজ সম্পদের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং এই খাতে কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, প্রভাষক ওয়াহিদা আখতার ও ইশরাত জাহান ইভা সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন। তিনি সেমিনারটি আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভূতত্ত্ব বিষয়ক পেশাদার জ্ঞান অর্জনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেমিনারটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে পেশাদার জ্ঞান বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।