জাবিপ্রবি কেন্দ্রে সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি GSTগুচ্ছ বিশ্ববিদ্যালয় জাবিপ্রবি কেন্দ্রে সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত জাবিপ্রবি, ২৭ মার্চ ২০২৬ খ্রি., শুক্রবার ।। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সমন্বিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে সি-ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে সি-ইউনিটে মোট ২৫৫ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী ছিলেন। এর মাঝে পরীক্ষায় অংশ নেন ২১৯ জন। সেই হিসেবে উপস্থিতির হার ৮৫.৮৮ শতাংশ। এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এছাড়া অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও ছিলো। সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত ছিলেন স্কাউট, স্বেচ্ছাসেবীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের যাতে যানবাহন অপ্রতুলতায় বেগ পোহাতে না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসগুলো জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে সকাল ৮টা থেকে চলাচল করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ ঊর্ধ্বতনরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ০৩ মে বি-ইউনিট (মানবিক শাখা) এবং ১০ এপ্রিল এ-ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিটে জাবিপ্রবি কেন্দ্রে যথাক্রমে ২ হাজার ২০৫ জন (বি-ইউনিট) ও ৩ হাজার ৪৫৯ জন (এ-ইউনিট) শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মাঝে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ হাজার ৭০০ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি, মেলান্দহ) ৭৫৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এদিকে ভর্তিপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jstu.ac.bd), অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপ এবং GST গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাচ্ছে।