জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন জাবিপ্রবি, ২৬ মার্চ ২০২৬ খ্রি, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব কর্মসূচি সম্পন্ন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। — জনসংযোগ দপ্তর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ই-মেইল: pro@jstu.ac.bd

Previus Post Next Post