জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ড. আমির হোসেন ভূঁইয়ার যোগদান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ড. আমির হোসেন ভূঁইয়ার যোগদান জামালপুর, ১৬ মে ২০২৬, শনিবার: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া শনিবার (১৬ মে) বিকেলে ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক। এছাড়াও পরিবেশবিদ হিসেবে দেশে-বিদেশে তার সুনাম রয়েছে। এদিকে নতুন কর্মস্থলে পৌঁছালে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষেও ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে একটি আধুনিক, মানসম্মত ও গবেষণাবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া কৃতিত্বের সঙ্গে রাজধানীর মতিঝিল আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞানে বিএসসি (অনার্স) ও এমএসসি সম্পন্ন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। পিএইচডি করেছেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় হতে। কর্মজীবনে তিনি জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জাপানসহ দেশি-বিদেশি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সস ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি হতে ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেছেন। এছাড়া আন্তজার্তিক ও স্বনামধন্য জার্নালে ১০০ এর অধিক প্রকাশনা রয়েছে। তবে গুগল স্কলার সাইটেশন ৫২০০ এরও বেশি। স্কোপাস সাইটেশন ৩১০০ এরও অধিক। উল্লেখ্য, গত ১৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া-কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর হিসেবে ৪ (চার) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

Previus Post Next Post