জাবিপ্রবিতে ডি নথির ব্যবহার ও বাস্তবায়নে ৩ দিনের প্রশিক্ষণ শুরু
জাবিপ্রবিতে ডি নথির ব্যবহার ও বাস্তবায়নে ৩ দিনের প্রশিক্ষণ শুরু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ে তিনদিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সিএসই বিভাগের ল্যাবে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডি-নথির বাস্তবায়ন ও এর ব্যবহার বিষয়ে আয়োজিত প্রশিক্ষণটি খুবই সময়োপযোগী। প্রযুক্তি উন্নয়নের সঙ্গে প্রতিনিয়ত কর্মক্ষেত্রের সকল সনাতন পদ্ধতির পরিবর্তন ঘটছে। মানুষও এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে নিচ্ছে। আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। ডি-নথি বাস্তবায়ন হলে সময়, অর্থ যেমন বাঁচবে, তেমনই কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। জবাবদিহিতাও বাড়বে। এতে বিশ্ববিদ্যালয় তথা দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্সের পরিচালক ও ডি-নথি বিষয়ক ফোকাল পয়েন্ট মো. খবির উদ্দিন আহমেদ। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা দিচ্ছে আইসিটি সেল। এটুআই এর বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দেওয়া এ প্রশিক্ষণ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।