জাবিপ্রবির ৫ম উপাচার্য হিসেবে যোগ দিলেন বাকৃবি অধ্যাপক ড. আমির হোসেন
প্রেস বিজ্ঞপ্তি জাবিপ্রবির ৫ম উপাচার্য হিসেবে যোগ দিলেন বাকৃবি অধ্যাপক ড. আমির হোসেন খ্যাতিমান কৃষি বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন। শনিবার (০৬ জুন) অপরাহ্নে নতুন কর্মস্থলে তিনি যোগদান করেন। এর আগে ৬ জুন দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এদিকে ক্যাম্পাসে পৌঁছালে নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ড. আমির হোসেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবী মো: দবির উদ্দিন ও মাতা জনাবা আনোয়ারা বেগম। অধ্যাপক ড. আমির হোসেন ২০০৩ খ্রিষ্টাব্দের মে হতে বর্তমান অবধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০১৮ খ্রিষ্টাব্দের মার্চ হতে ২০২০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন প্রফেসর হিসেবে The University of Suwon, The Republic of Korea-এ কর্মরত ছিলেন। তিনি ২০১০ খ্রিষ্টাব্দে Korean Research Foundation (KRF) fellow হিসেবে, The University of Suwon, The Republic of Korea, পিএইচডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি পোস্ট-ডক গবেষক- ০৩ বার (Institute of Molecular and Cellular Biology of Plants (IBMCP) - Polytechnic University of Valencia (UPV) Valencia, Spain-2014 as a Marie Curie visiting Fellow; Centre for Plant Biotechnology and Genomics (CBGP), Universidad Politécnica de Madrid (UPM), Madrid, Spain-2011-2014 as a Marie Curie Fellow; Myongji University, South Korea 2011 as a Brain Korea 21(BK21) fellow হিসেবে সফলতার সাথে সম্পন্ন করেছেন । জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ডক্টর আমির হোসেনের প্রকাশিত গবেষণা প্রবন্ধ মোট ৫০টি (বুক চেপ্টার-১, আন্তর্জাতিক-৩৮, জাতীয়-১১) ও কনফারেন্স প্রসিডিংস ৩৩টি । এছাড়াও তিনি গবেষণা প্রকল্পে PI ও Co-PI হিসেবে ২৫টি গবেষণা কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করেছেন। তিনি এম.এস. পর্যায়ে ৩৪ জন এবং পিএইচডি পর্যায়ে ৬ জন ছাত্রের গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন। বর্তমানে ৯ জন এম এস ও ২ জন পিএইচডি ছাত্র তাঁর তত্ত্বাবধানে অধ্যায়নরত। অধ্যাপক ড. আমির হোসেন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া, স্পেন, চায়না, ভারত, হংকং, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন । শিক্ষকতার পাশাপাশি ড. আমির হোসেন বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন তিনি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য (২০২৫-২০২৭) ছাড়াও ড. আমির হোসেন জাতীয় বীজ বোর্ডের সদস্য, বাকৃবির প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ গবেষণা খামারের প্রতিষ্ঠাতা ফার্ম-ইনচার্জ, (২০২১-২০২৩), কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান (২০১৫-২০১৭), আশরাফুল হক হলের হাউস টিউটর, (২০০৫-২০০৬), বাকৃবি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের লেকচারার ও সহকারী প্রফেসর মনোনয়ন বোর্ডের সদস্য, বাকৃবি আইআইএফএস-এর লেকচারার ও সহকারী প্রফেসর মনোনয়ন বোর্ডের সদস্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগে লেকচারার ও সহকারী প্রফেসর মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে সফলতার সঙ্গে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। ড. আমির হোসেন ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।