জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেনের যোগদান
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) দ্বিতীয় কোষাধ্যক্ষ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন যোগদান করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পূর্বাহ্নে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. জি এম মুজিবুর রহমানসহ বাকৃবির স্বনামধন্য অধ্যাপকবৃন্দ, জাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কর্মস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনকে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ এর ১৩ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনকে এ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি এর সামগ্রিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। এদিকে নবনিযুক্ত কোষাধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আশাবাদী যে, প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ‘বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে,’ যোগ করেন তিনি। প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্বনামধন্য শিক্ষক। তাঁর জন্ম মাদারীপুর জেলার ডাসারে (কালকিনি)। জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি হতে তিনি পিএইচডি এবং ডিএএডি (DAAD PhD Fellowship) স্কলারশিপে তিনি পোস্ট-ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন। আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে তিনি জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ফ্রান্স ভ্রমণ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার ৪৩ টি গবেষণা প্রবন্ধ (আন্তর্জাতিক ৩০, জাতীয় ১৩) ও কনফারেন্স প্রসিডিংস (২১) রয়েছে। দেশি-বিদেশি অর্থায়নে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। এছাড়া পিএইচডি পর্যায়ে ২ জন ও এমএস পর্যায়ে ৪০ জন শিক্ষার্থীর গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করেছেন এবং বর্তমানে ৮ জন এমএস ও ৪ জন পিএইচডি শিক্ষার্থী তার তত্ত্বাবধানে অধ্যয়ন করছেন। এ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের আগে প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন Bangladesh Agricultural University Research System (BAURES) এর সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে BAURES এর Research Advisory Committee এর সদস্যও ছিলেন তিনি। তিনি বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান এবং মাওলানা ভাসানী হলের হাউস টিউটর হিসেবেও দায়িত্ব পালনের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তার। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ও প্রফেসর মনোনয়ন বোর্ডের একজন বিজ্ঞ সদস্য। তিনি German Plant Breeding Society (২০১৮-বর্তমান) এর সদস্য, Phytopathological Society of Bangladesh এর আজীবন সদস্য, Entomological Society of Bangladesh এর সদস্য এবং Bangladesh Association for Biotechnology এর একজন সম্মানিত সদস্য। বর্তমানে জার্মান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।